দেশের ১৩ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এর মধ্যে রাজধানী ঢাকার নিম্নাঞ্চলগুলোও ঝুঁকিতে রয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, নঁওগা, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এছাড়া নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও রংপুর জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদী আরিচা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। তিস্তা ও ধরলা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৪টির, হ্রাস পেয়েছে ৩৪টির, অপরিবর্তিত রয়েছে ০৩টির ও বিপদসীমার উপরে ২৩টির।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, কুড়িগ্রাম ১৫৫ মিলিমিটার, নোয়াখালী ১০৭ মিলিমিটার, টেকনাফ ৯২ মিলিমিটার, কক্সবাজার ৫৮ মিলিমিটার, ডালিয়া ৫৪ মিলিমিটার, চিলমারী ৫২ মিলিমিটার।
আনন্দবাজার/ডব্লিউ এস









