প্রানঘাতী করোনা ভাইরাসের এমন খারাপ সময়েও কেনাকাটা বন্ধ করতে রাজি না অনেকেই। ঈদের পোশাকের কেনাকাটা ঠেকাতে রাজশাহীর মার্কেটের সামনে অবস্থান নিয়েছে পুলিশ-প্রশাসন। আজ সকাল থেকে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় অবস্থান নিয়েছেন। সকাল থেকে বাজারে যাওয়া মানুষকে ঘরে পঠিয়ে দিচ্ছে পুলিশ।
তাছাড়া সেনাবাহিনীর সদস্যরা সাহেব বাজারের প্রবেশমুখ পিএন স্কুলের সামনে এবং রাজশাহী কলেজের সামনে সড়কে আড়াআড়িভাবে গাড়ি রেখে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। পুলিশ গণকপাড়া এলাকায় ব্যারিকেড বসিয়েছে। সকালে তারা সাহেববাজারে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দিচ্ছিলেন না।
এদিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে আছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে কাকডাকা ভোরে নগরীর জিরোপয়েন্ট ও গণকপাড়া এলাকায় ফুটপাতের কাপড় বিক্রেতারা বিক্রি শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাদের উঠিয়ে দেয়। আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা এ দিন দোকান খোলার জন্য উদগ্রীব ছিলেন।
কিন্তু জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গিয়ে দোকান খুলতে নিষেধ করেন। ফলে শেষ পর্যন্ত কেউ দোকান খোলার সাহস পাননি। পুলিশ-প্রশাসন আরডিএ মার্কেটের সামনেই অবস্থান করছিলেন। তবে বাধা দেয়া হয়নি মুদি দোকানগুলো খুলতে।
আনন্দবাজার/এস.কে









