অবশেষে কষ্ট লাঘব হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চার গ্রামের মানুষের। এতদিন যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকলেও এবার সেই ব্যবস্থায় স্বস্তি ফিরছে উপজেলার মানুষদের মধ্যে। উপজেলার উরখুলিয়া, মনিপুর, রাজাপুর, ভৈরবনগর মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের হস্তক্ষেপে দীর্ঘ ৫ কিলোমিটারজুড়ে নির্মাণ হচ্ছে সড়ক।
জানা যায়, চার গ্রামের বেশিরভাগ মানুষেরই প্রধান পেশা কৃষি। এ ফসল দিয়েই চলে গ্রামবাসীর জীবন। যাতায়াত ব্যবস্থা না থাকায় ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হতো কৃষকরা। সেজন্য রাস্তা নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল সড়ক নির্মাণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আর সেই রাস্তাটি বিদ্যাকুট থেকে চার গ্রাম হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর নবীনগর উপজেলায় মিলিত হবে। সড়কটি প্রায় ১০ থেকে ১৫ ফুট উঁচু ও ২০ ফুট প্রশস্ত হবে। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের লোকজন গত মঙ্গলবার এলাকাটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে উপজেলা প্রশাসনের অফিসারগণ পরামর্শমূলক সভায় মিলিত হন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, ওসি আমিনুর রশিদ, ইউপি চেয়ারম্যান জাকারুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এ সড়ক নির্মাণের ফলে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। সড়কটি নির্মাণ হওয়ায় বদলে যাবে পুরো চারটি গ্রামের কৃষিচিত্র। এজন্য তারা এমপি, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয় সমাজসেবক আব্দুল আওয়াল বলেন, এ রাস্তাটি নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় রাস্তাটি হতে যাচ্ছে। এতে এলাকার কৃষকরা বেশ উপকৃত হবেন। বিশেষ করে মানুষের জীবনমান পরিবর্তনে আমূল পরিবর্তন ঘটবে। এছাড়া জেলা-উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হবে। এতে এই এলাকাটি একটি পর্যটন নগরী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘গ্রাম হবে শহর’ এ রাস্তাটি নির্মাণের ফলে সেটি প্রতিষ্ঠিত হবে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারুল হক বলেন, আমার মূল লক্ষ্য হচ্ছে এই চার গ্রামের রাস্তাটি উন্নয়ন করা। শুধু চার গ্রাম নয়, বিদ্যাকুট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেছেন, এ রাস্তাটির কাজ শুরু করতে। বর্তমানে আমার নিজস্ব অর্থায়নে রাস্তাটির কাজ শুরু করেছি।









