- তবেই বাড়বে চিকিৎসা শিক্ষার মান: বিএসএমএমইউ উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চাই। বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি করতে পারলে আমাদের মেডিক্যাল কলেজগুলোর চিকিৎসা শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা ক্লাবে বিএসএমএমইউ অর্থপেডিক্স সার্জারি বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন- বিএসএমএমইউ'র অধীনে ইনস্টিটিউটগুলোর ফ্যাকাল্টি যেখানে নেই সেখানে কোন কোর্স থাকবে না। যেসব ইনস্টিটিউটে ফ্যাকাল্টি আছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৮ জনের জায়গায় ১০ জন, ১০ জনের জায়গায় ১২ জন, ১২ জনের জায়গায় ১৬ জন বৃদ্ধি করে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চাই।
উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালও যারা গবেষণায় ভাল করবেন তাদের পুরষ্কৃত করবে। গবেষণায় আগ্রহী করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসও পালন শুরু হয়েছে। যারা থিসিসে ভাল করবেন তাদের মধ্যে সেরাদের পুরষ্কৃত করা হবে।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গবেষণা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন। সেখানে বিএসএমএমইউ’র অনেক আবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব ইনস্টিটিউট রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক ও একুশে পদপ্রাপ্ত অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, অধ্যাপক ডা. আফজাল হোসেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, অর্থপেডিক্স সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নুকুল কুমার দত্ত, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আনোয়রুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (ভিরু), অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, অধ্যাপক ডা. কামরুল আহসান, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডুসহ আরো অনেকে।









