দীর্ঘ ২২ বছর ধরে খাঁজনা খারিজ ও ভোগ দখলের থাকা জমি নিলামে বিক্রির প্রতিপাদে জয়পুরহাটের পাঁচবিবিতে ২২টি পরিবারের ভুক্তভোগী নারী-পুরুষ মানববন্ধন করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হিলি-জয়পুরহাট সড়কের ভীমপুর এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালীন সময়ে ভুক্তভোগী হাবিবুর রহমান, আ. রহিম বুলু, জসিম উদ্দিন মন্ডল ও ইসরাইল শেখসহ তাঁদের পরিবারের সদস্যরা বলেন, ২০০১ সালে স্থানীয় জসিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে পর্যায়ক্রমে জমি ক্রয় করেছি ভুক্তভোগী ২২ পরিবার। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ ২২ বছর খাজনা খারিজসহ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছি। হঠাৎ করে কয়েকদিন আগে আমাদের সম্পত্তি ব্যাংক কর্মকর্তা ও কুচক্রী ব্যক্তিদের যোগসাজশের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে, যা আমরা কেউ জানিনা। এরপর হঠাৎ করে কয়েকটি বাড়ী ভাংচুর করেছে। এরপর আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এ জন্য ওই অবৈধ নিলাম বাতিলের আহবান জানাচ্ছি।









