- চরম দুর্ভোগে যাত্রীরা
নওগাঁর আত্রাই রেলওয়ে প্লাটফরমে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে প্লাটফরম জুড়ে পানি পড়া, মেঝের ইট উঠে খানাখন্দের সৃষ্টি হয়। পাশাপাশি প্লাটফরম থেকে ট্রেন লম্বা হওয়ার বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।
নওগাঁর মধ্যে রয়েছে তিনটি রেলওয়ে স্টেশন। এর মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঐতিহ্যবাহী একটি স্টেশন। ঢাকা- চিলাহাটি ও ঢাকা-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি দুইজোড়া আন্তঃনগর, রাজশাহী-চিলাহাটি ও রাজশাহী-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি দুইজোড়া আন্তঃনগর ও এক জোড়া মেইল ট্রেন, খুলনা-চিলাহাটির মধ্যে চলাচলকারী এক জোড়া আন্তঃনগরসহ ১ জোড়া মেইল ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেনযোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এসব ট্রেন যাত্রীদের প্লাট ফরমে অবস্থানকালীন সময়ে চরমভোগান্তি পোহাতে হয়। যেহেতু তাদের বসার কোনো ব্যবস্থা নেই। তাই দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় তাদের। বিশেষ করে ট্রেন যখন বিলম্বে চলাচল করে তখন এ দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে মহিলা যাত্রীদের শিশু সন্তান নিয়ে বিরক্তিকর এক অবস্থা অতিক্রম করতে হয়। এদিকে এ স্টেশন থেকে সরকারের বিপুল পরিমান রাজস্ব আয় হয়ে থাকে। রাজস্ব আয় বাড়লেও যাত্রীদের সেবার মান শূন্যের কোঠায় রয়েছে।
এদিকে গত করোনাকালীন সময় থেকে দেশের বিভিন্ন রেলওয়ে প্লাটফরমে সংস্কার কাজ শুরু হলেও এ স্টেশনে কোনো কাজ করা হয়নি। প্লাটফরমে টিনের পানি ছাউনির পানি নিস্কাশনের জন্য পাইপের গোড়া পাকা করা হয়েছিল সেই পুরনো আমলে। সেগুলোও অনেকটা বিনষ্ট হয়ে গেছে। সেখানেই গাদাগাগি করে বসতে হয় যাত্রীদের। এ ছাড়াও প্লাটফরমের উত্তর দিকে টিনের ছাউনি ঝাঁঝরা হয়ে গেছে। বৃষ্টি এলেই প্লাটফরমজুড়ে পানি পড়ে।
ট্রেন যাত্রী খোরশেদ আলম বলেন, আমাদের এ স্টেশন নওগাঁ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী স্টেশন। দীর্ঘদিন থেকে স্টেশনের প্রয়োজনীয় সংস্কার কাজ না করায় এখানে যাত্রীসেবা শূন্যের কোঠায় পৌঁছেছে।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ছাইফুল ইসলাম বলেন, প্লাটফরমের প্রয়োজনীয় সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে অনুযায়ী তারা মেপে গেছেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।









