- বাড়বে চিকিৎসা সেবার মান
- কমবে ঢাকামুখী চাপ
১২তলা ভিতবিশিষ্ট নতুন ভবনটির বর্তমানে ৮তলা পর্যন্ত ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ভবনটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়াতে ১০০শয্যা থেকে ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত হবে নরসিংদী জেলা হাসপাতালটি। চলতি বছরের মাঝামাঝিতে হাসপাতালটিকে চালু করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসপাতালটি চালু হলে নরসিংদীসহ আশপাশের জেলার অনেকের চিকিৎসা সেবার মান বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী। হাসপাতালটির দ্রুত কাজ শেষ করে ও সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবার মান নিশ্চিত করবে সরকার এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
নরসিংদী গণপূর্ত কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে শুরু হয় নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবনের কাজ। ৪০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে গণপূর্ত বিভাগ। ইতিমধ্যে প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। হাসপাতালটি চালু হলে জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক উন্মোচিত হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা। শুধু নরসিংদী জেলা নয়, আশপাশের জেলা ও ঢাকা-সিলেট মহাসড়কের বেশিরভাগ দুর্ঘটনার রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালটি ব্যবহার করা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার ঢাকায়ও পাঠাতে হয়। এটি চালু হলে ঢাকায় আর যেতে হবেনা, ভাবছেন সাধারণ মানুষ। পাশাপাশি হাসপাতালটিকে মেডিকেল কলেজ করে দেয়ারও দাবি তাদের।
স্থানীয় একটি সামাজিক সংগঠন স্বপ্নডানা’র সভাপতি কাজী মোস্তাক হোসেন বলেন, আমরা আনন্দিত এবং গর্বিত যে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ২৫০শয্যায় উন্নিত হচ্ছে। হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নিত হলে হাসাপাতালের সেবার মান বাড়বে। এছাড়া এখান থেকে আমরা আরো উন্নত চিকিৎসা পাব। এ হাসপাতালটিতে নরসিংদীসহ আশপাশের জেলা থেকে অনেক রোগী আসে এখানে চিকিৎসা নিতে, হাসপাতালটি পরিপূর্ণভাবে চালু হলে এখানে অনেকটাই চাপ কমবে।
নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজ বলেন, নরসিংদীসহ আশপাশের জেলা ও ঢাকা-সিলেট মহাসড়কের সকল সড়ক দুর্ঘটনার রোগীকে এখানে চিকিৎসার জন্য আনা হয়। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে আবার ঢাকা পাঠাতে হয়। হাসপাতালটি ২৫০শয্যায় উন্নিত হলে এবং এখানে ভালো বিশেষজ্ঞ ও আধুনিক চিকিৎসা সেবা থাকলে ঢাকার উপর চাপ কমবে। আমরা এখান থেকেই ভালো চিকিৎসা পাব। পাশাপাশি এ হাসপাতালটিকে যদি মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয় তাহলে নরসিংদীবাসী আরো উপকৃত হবে।
১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএনএম মিজানুর রহমান বলেন, হাসপাতালটি হলে একদিকে যেমন স্বাস্থ্যসেবার মান বাড়বে অন্যদিকে হাসপাতালে আইসিও, সিসিইউসহ ভালো মানের বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে ঢাকার উপরও চাপ কমবে। এছাড়া এখানে ১০শয্যার একটি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতালটি চালু হলে আমাদের এখানে জরুরি চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, অন্ত:বিভাগ, বহিঃবিভাগের চিকিৎসা সেবা অনেকটাই বৃদ্ধি পাবে।
নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন বলেন, ১২তলা ভীতবিশিষ্ট নতুন ভবনটির বর্তমানে ৮তলা বিশিষ্ট ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে ভবনটির ফিনিশিং এর কাজ চলছে। চলতি বছর জুন মাসে এ নতুন ভবনটি হস্তান্তর করা হবে।









