করোনায় মারা যাওয়া পিতার লাশ সন্তান কাঁধে নিচ্ছে না। কাঁধে নেওয়া তো দূরের কথা, লাশ ফেলে অনেকেই চলে যাচ্ছে আত্মগোনে। ঠিক এই সময়ে নিজেদের জীবনবাজি রেখে করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করতে এগিয়ে এসেছেন এক ঝাঁক তরুণ আলেম।
করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে ইসলামের সঠিক নিয়ম অনুযায়ী জানাজা থেকে শুরু করে দাফন কাজ সম্পন্ন করবে এই তরুণ আলেমরা।রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই কাজটি করার সিদ্ধান্ত নেয়। মাওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বে কয়েকজন আলেম এই কাজ করবেন বলে জানা যায়। তাদের মধ্যে রয়েছেন এইচ এম লুৎফর রহমান, হিফজুর রহমান, সালমান বিন সাজিদ, নুরুননাবী নুর, কারী ওসামা বিন নিজাম ও মোহাম্মদ রাফী। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকার আরো ৬০/৭০ জন আলেম এ কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এ ব্যাপারে মাওলানা গাজী ইয়াকুব বলেন, করোনা আক্রান্ত কোন রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে আমাদের মোবাইল নাম্বার ০১৯২০৭৮১৭৯২ নম্বরে ফোন করলে আমরা সেখানে পৌছে যাব। তার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করব। কারো যদি কাফনের কাপড় প্রয়োজন হয় আমরা তারও ব্যবস্থা করবো।
মাওলানা ইয়াকুব বলেন, বিভিন্ন দেশে আমরা করোনাভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সঙ্কটের কথা শুনেছি। এজন্য আমরা চাচ্ছি আমাদের দেশে যেন সে রকম না ঘটে। ইসলামী শরীয়ত মোতাবেক যেন একজন মুসলমানের জানাজা-দাফন হয় সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমরা ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬০/৭০ আলেম আমাকে ফোন করে এ কাজে থাকার আগ্রহ দেখিয়েছেন। তারা বলছেন যেন প্রতিটি থানাভিত্তিক তাদের দাযিত্ব দেয়া হয়। আমরাও বিষয়টি বিবেচনা করছি।
করোনাভাইরাস আসার পর থেকেই ইতোমধ্যে তারা জনগনকে সচেতন করতে কাজ শুরু করেছেন। মসজিদে মসজিদে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও প্যাকেট খাবার বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।









