ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পান বরজ পুড়ে ৫ কৃষক নিঃস্ব হয়ে গেছে। তাদের বুকভরা আহাকারে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলার শালিখা মাঠে। সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে শালিখা পান বরজ মাঠে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় শালিখা গ্রামের কৃষক বাকের আলী, নয়ন হোসেন, খোকন, আকাশ ও ইমরানসহ ৫ জনের প্রায় ৭ বিঘা জমির পান বরজ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ৫ কৃষকের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে দমকল বাহিনীর সদস্যদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ৭ বিঘা পান বরজ সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরো বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, নিয়ামত ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার।
আনন্দবাজার/এফআইবি








