মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ডিম ও মুনগির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলের বিভিন্ন মুরগি ও ডিমের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে পাশাপাশি মুরগি এবং ডিমের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত সিজান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫ শত টাকা, মেসার্স বেনুপাল ডিমের দোকানকে ৪ হাজার টাকা, সালাম ডিমের আড়ৎকে ৪ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত নিশান ব্রয়লার হাউজকে ১ হাজার টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।









