নেত্রকোনার বারহাট্টায় অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসায়ীর ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার গোপালপুর বাজারে গত বুধবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর দুই ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসে। তবে আগুণের লেলিহান শিখায় ধান, চাল ও পাট ব্যবসার সঙ্গে জড়িত এ ব্যবসায়িরা নিঃস্ব হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ছয়টি ধান-চাল ও পাটের গুদাম এবং একটি চায়ের দোকান পুড়ে গেছে। গুদামে ধান ও পাট ভরা ছিল। সকাল ৯টার দিকে আগুণের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাবিবুর আহম্মেদ দিলু, মো. সবুজ মিয়া, রাশেদুল হাসান ইবনে, বজলুর রহমান ও জাকির আলম মানিকের গুদাম ভর্তি ধান ও পাট ছিল। সব পুড়ে গেছে। এতে হাবিবুর আহমেদের ১০ লাখ ও বজলুর রহমানের ২০ লাখ টাকার মালা পুড়ে যায়। দোকানের অবকাঠামোসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা। ব্যবসায়ী হাবিবুর রহমান দিলু এ প্রতিনিধিকে বলেন, আমার ৭ লাখ টাকা ঋণ আছে। গুদামের ধানও পুড়ে গেল। আমি এখন পরিবার নিয়ে কীভাবে চলব। হাবিবের মতো সবাই বিভিন্ন উৎস্য থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন বলে জানা গেছে।
বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোফাজ্জল হোসেন ভূঁইয়া অগ্নিকান্ডে ছয়টি গোদাম পুড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।









