মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, চাকুরি, সফল জননী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
রংপুর সংবাদদাতা : সকালে বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞাসহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, নারী সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, জয়িতা সংবর্ধনা, রোকেয়া পদক বিতরসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে নানা আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ বলেন, ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর জীবনাদর্শ ও কর্ম নারী সমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে।
নোয়াখালী : নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে উপজেলাভিত্তিক পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসানের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন সেলিনা খাতুন, আছমা খাতুন, আসমা বেগম, শামীমা সুলতানা ও সাবিনা ইয়াসমিন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে জয়িতা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন, অর্থনীতিতে জুলিয়া ইয়াসমিন, শিক্ষা ও চাকুরীতে আনজুমানারা বেগম, সফল জননী আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা আম্বিয়া বেগম এবং লুৎফা বেগম ও সমাজ উন্নয়নে ওশন আরা বেগম।
পটুয়াখালী : দিবসটি উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও ১০ জন জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে উলিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আকলিমা বেগম, সফল জননী নুরিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবনে সফল নাছিমা বেগম, সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় রিতা রানী সেন, শিক্ষা ও চাকুুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গোলাপি বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
মাদারীপুর : মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শিবচর উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচজন জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে নারীর প্রতি সহিংসতা ও সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান, মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর আয়োজনে ও কানাডীয় সরকারের কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই)-এর সহযোগিতায় মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়। নারী চা শ্রমিকের জীবন দক্ষতা নিয়ে গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সকালে শ্রীমঙ্গলের ব্রাক লার্নিং সেন্টারে ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’ উদযাপন করতে সহায়িকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের প্রথিতযশা কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
আনন্দবাজার/এম,আর









