প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য রোজার শুরু থেকে ইফতারের দোকান বসানোর ওপরে নিষেধাজ্ঞা দিলেও সেটা শিথিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি অনুমতি দিয়েছে ২৮ এপ্রিল থেকে সামাজিক দূরত্ব মানার ব্যবস্থা রেখে ইফতার বিক্রি করার। তবে খুব কম সংখ্যক রেস্তোরাঁ কিংবা দোকানকে ইফতার বিক্রি করেছে এদিন।
বিক্রেতারা জানান, ক্রেতা খুবই কম। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, বুধবার সব জায়গায় একটি গাইডলাইন তৈরি করে পাঠানো হবে। সেদিন থেকেই আরও বেশি রেস্তোরাঁ খুলবে এবং ইফতার বিক্রির ব্যবস্থা করতে পারবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনায় জানানো হয়, ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। কিন্তু কেউ ফুটপাতে কোনও ধরনের ইফতারির প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবে না। অবশ্যই বিক্রেতা এবং ক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটা করতে হবে।
ডিএমপি থেকে সুস্পষ্ট নির্দেশনা আসার পর অনেক রেস্তোরাঁ মঙ্গলবার ইফতার বিক্রির ব্যবস্থা করে উঠতে পারেনি। রাজধানীর ধানমন্ডি এবং সাত মসজিদ রোড এলাকার বেশিরভাগ রেস্তোরাঁ বন্ধই ছিল।
আনন্দবাজার/এস.কে









