- বিক্রি ১০০ টাকা ২০ পয়সায়
খোলাবাজারে আবারো ১০০ টাকা ছাড়িয়েছে ডলারের দাম। গতকাল রবিবার দুপুর ২টায় প্রতি ডলার বিক্রি হয়েছে ১০০ টাকা ২০ পয়সা। এর আগে গত মে মাসের মাঝামাঝি খোলাবাজারে দাম উঠেছিলো ১০২ টাকায়।
মতিঝিলের খোলাবাজারের ডলার ব্যবসায়ী মো. আরেফ বলেন, বাজারে ডলার অনেক কম। আজ ১০০ টাকা ২০ পয়সায় বিক্রি হচ্ছে। রাজধানীর বনানীর ক্রাউন এক্সচেঞ্জের কর্মকর্তা আল আমীন বলেন, ‘আজ ডলারের দাম ১০০ টাকা ২০ পয়সা। পল্টনের ক্যাপিটাল এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, ‘আজ রবিবার আমাদের এখানে ১০০ টাকা ২০ পয়সায় ডলার বিক্রি হয়েছে।
খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দর বাড়ছে। গত এক বছরে আন্তঃব্যাংকে প্রতি ডলারে ৯ টাকা ১৫ পয়সা দর বেড়ে ডলার এখন ৯৩ টাকা ৯৫ পয়সায় বিক্রি হচ্ছে। আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছুঁইছুঁই।
ডলারের দর বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৯৬ কোটি ডলার পরিশোধের পর গত ১২ জুলাই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। গত বছরের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের ওপরে। এরকম পরিস্থিতিতে রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি ব্যয় কমানো, ডলার সরবরাহ বাড়ানো, আইএম থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ চলমান আছে।









