কাতার বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে এমবাপ্পে-জিরুদরা।
সোনার চেইন পরে কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে মাঠে খেলায় সমালোচনার মুখে পড়েছেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।
আল থুমামা স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) পোল্যান্ড বনাম ফ্রান্সের ম্যাচে রাইট ব্যাকে খেলেছেন বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দে। ম্যাচের শুরু থেকেই সোনার চেইন পরে খেলছিলেন তিনি।
তবে বিষয়টি প্রথমে রেফারিদের চোখে পরেনি। পরে ম্যাচের ৪১তম মিনিটে রেফারিদের নজরে আসলে তা খুলে নেয়া হয়। তবে তাকে মাঠে কেন সোনার চেইন পরে নামতে দেয়া হলো এবং এতক্ষণ খেলতে দেয়া হলো, সেটা নিয়েই দেখা দিয়েছে নানান প্রশ্ন।
ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার এমন কিছু সঙ্গে নিয়ে বা পরে খেলতে পারবেন না যা অন্য খেলোয়াড়ের জন্য বিপজ্জনক। আর সেই জন্য যে কোনো ধরনের গয়না পরে মাঠে নামা নিষিদ্ধ। যার জন্য মাঠে নামার আগে প্রত্যেক ফুটবলার এবং পরিবর্তন ফুটবলারকে পরীক্ষা করবেন রেফারি।
বিষয়টি হয়তো পুরো ম্যাচেই এড়িয়ে যেত। তবে রেফারিরা যখন টিভিতে দেখে তখন তাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কুন্দেকে চেইন খুলে ফেলার নির্দেশ দেয় রেফারি।
আনন্দবাজার/শহক









