করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে এক লাখ এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক উপহার দিবে তুরস্ক। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু ফোনালাপের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে এ তথ্য জানান।
এসময় আগামী বছর ডি-৮ সম্মেলনের আগে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সম্মেলনের প্রস্তুতির জন্য মহাপরিচালক পর্যায়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে সাবুসোলুকে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
এদিকে, বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন তরান্বিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠকে তোলার প্রতিশ্রুতি দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক।
এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর জন্য জি-২০ এর বরাদ্দ করা ৭ ট্রিলিয়ন ডলার থেকে বাংলাদেশ যেন সহযোগিতা পায় সে বিষয়ে তুরস্কের সহযোগিতা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।
আনন্দবাজার/শহক








