পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা ভাইরাসকে কেন্দ্র করে পন্য অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ওই আদালত পরিচালনা করেন।
জানাগেছে, করোনা ভাইরাসকে কেন্দ্র করে একদল অসাধু ব্যাবসায়ী পন্য সংকটে পড়ার গুজব রটিয়ে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি করে আসছে এমন সংবাদ পেয়ে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালায় ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
এসময় ওই আদালত জগন্নাথকাঠি বন্দরে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রী ও মূল্য তালিকা না থাকায় মুদি ব্যাবসায়ী আবু হানিফকে ২৫ হাজার, তরিকুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়াও মিয়ারহাট বন্দরে ওসি (তদন্ত) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির দায়ে মো. আব্দুস সালাম ও মো. আব্দুল হান্নান নামের দুই ব্যাবসায়ীকে আটক করে ওই আদালতে হাজির করলে আদালত আব্দুস সালামকে ৩ হাজার ও আব্দুল হান্নানকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় চালসহ বিভিন্ন পন্যের দাম বৃদ্ধি করায় চালের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবস্য়ীকে সর্তক করে ওই আদালত।
এদিকে এক গৃহবধুর ঘরে ঢুকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন এবং গ্রেফতারের সময় পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে রাকিব হোসেন (১৮) নামে এক বখাটেকে তিন মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন একই আদালত। রাকিব সদর ইউনিয়নের পুর্ব জগন্নাথকাঠি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
আনন্দবাজার/এফআইবি








