যেন থমকে গেছে চিরচেনা ব্যস্ত পূর্ব রাজাবাজার এলাকা। সেখানে চলছে লকডাউনের দ্বিতীয় দিন। জনসাধারণের চলাচল বন্ধ রয়েছে। অফিসগামী অনেকেই বের হওয়ার চেষ্টা করেছেন প্রথম দিন সকালে। তবে দ্বিতীয় দিনে সেই চেষ্টা কমে গেছে।
১১ জুন সকালে ওই এলাকা ঘুরে গলিতে স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি।
এদিকে কমেছে বের হওয়ার প্রবণতা। তবে লকডাউনের প্রথম দিনে তেজগাঁও কলেজের পাশে থাকা রাস্তাটির ব্যারিকেডের নিচ দিয়ে মানুষ বের হওয়ার ছবি প্রকাশ হলে নজরে আসে প্রশাসনের। ওই রাস্তাটি এখন পুরোপুরিভাবে বন্ধ করে দিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভেতরের একটি গলি লকডাউনের দ্বিতীয় দিনের পরিস্থিতি সম্পর্কে জানতে সেখানে কর্তব্যরত শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গতকালের চেয়ে আজকের পরিস্থিতি অনেক ভালো। যারা গতকালকে বের হয়ে ব্যর্থ হয়েছেন, তারা আজ আর চেষ্টা করেননি। তারা ভালোভাবে বুঝে গেছেন লকডাউন কী। তবে মাঝে-মধ্যে দুএকজন এসেছেন, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে যথাযথ কারণ না থাকায়।’
আনন্দবাজার/এস.কে









