জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে মছির উদ্দিন (৬০ ) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। মছির মোহাম্মদপুর ইউনিয়নের রাইগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, মছির উদ্দিন নারায়নগঞ্জের একটি গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন। তিনি গত মঙ্গলবার জ্বর,সর্দ্দি ও শ্বাস কষ্ট নিয়ে নারায়নগঞ্জ থেকে স্ত্রীসহ তার নিজ গ্রামে আসলে গ্রামবাসীদের বাধার মুখে তিনি গ্রামে ঢুকতে পারেননি।
পরে ইউনিয়নের বড় পুকরা গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে সেখানেও গ্রামবাসীরা মছির উদ্দিনসহ তার পরিবারকে গ্রাম থেকে বের করে দেন। পরবর্তীতে চেয়ারম্যানের মধ্যস্থতায় মছির উদ্দিন ও তার স্ত্রী রাইগ্রাম স্কুল ঘরে আশ্রয় নেন। সেখানে বৃহষ্পতিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে একই অফিসের কর্মকর্তা শ্যামল কুমার মুঠো ফোনে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, খবর পেয়ে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা মছির উদ্দিনের নমুনা সংগ্রহ করেন।
আনন্দবাজার/শহক/ রিয়ন









