ঈশ্বরদীর হাসানুজ্জামান ইমতিয়াজ (২১) নামের এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে আব্দুলপুর স্টেশনে কমিউটার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। ইমতিয়াজ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী ঈশ্বরদী সদরের অ্যাডভোকেট ইসাহক আলীর ছেলে।
ইমতিয়াজ সকালে বাড়ি থেকে বের হয় রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে কমিউটার ট্রেনে উঠে, ট্রেনটি আব্দুলপুর স্টেশনে কিছুক্ষনের জন্য যাত্রা বিরতি করলে ইমতিয়াজ নাস্তা খেতে নামে। খাওয়া শেষ করে ট্রেনে উঠতে গিয়েই পা পিসলে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে।
স্থানীয়রা জানায়, ঈশ্বরদী থেকে এসে এ ট্রেনটি এখানে থামে। পরবর্তীতে ট্রেন ছাড়ার জন্য হুইসেল দিলে নাস্তা খাওয়া শেষ করে তাড়াহুড়ো করে স্টেশনে এসে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ করে ট্রেনের নিচে পড়ে যায় ইমতিয়াজ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে তার বাবাও ছিল। এ মৃত্যুর খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি নিহির রঞ্জণ দেব বলেন, জানতে পেরেছি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়ে বাবার সামনেই সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক।









