পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন মহাসড়ক এখন কৃষকের উঠানে পরিণত হয়েছে। সড়কের উপর ধান, খড়সহ বিভিন্ন সামগ্রী শুকাতে দেওয়ার কারণে গাড়ি চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে অহরহ ঘটছে মারাত্মক সড়ক দূর্ঘটনা। গত কয়েক দিন ধরে আটঘরিয়া উপজেলার মহাসড়কে এ চিত্র দেখা যাচ্ছে।
ধানের মৌসুম এলেই উপজেলার মহাসড়ক সংলগ্ন বসবাসকারী কৃষকরা ধান, খড়, ডাল, কাঠের গুঁড়িসহ নানা পণ্যদ্রব্য শুকাতে ব্যবহার করছে যাতায়াতের প্রধান সড়কটি। বিশেষ করে দেবোত্তর, একদন্ত, লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়ন ও আটঘরিয়া পৌরসভার বিভিন্ন সড়কের উভয়পাশে হাজারও কৃষকের বসবাস। ওই সব কৃষকের উঠান কাঁদামাটি থাকায় তারা আউশ ধান ও খড়, কাঠের গুঁড়িসহ নানা পণ্য শুকাতে ব্যবহার করছে সড়কটি। খড়ের উপর গাড়ি চালাতে গিয়ে ছিলিপ কেটে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।
সড়কে নিয়মিত চলাচলকারী গাড়ির চালক নুরুল ইসলাম খান বলেন, ভেজা নাড়া-কুডার উপর দিয়ে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ রাখা যায় না। সে কারণে দুর্ঘটনায় পড়তে হয়। সড়কের অনেক জায়গায় চলাচলের অনুপযোগী হলেও তা চালক নির্ণয় করে অতিক্রম করে। কিন্তু সড়কে ধান কিংবা খড়কুটো থাকায় সড়কের ভাঙ্গা গর্ত নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। ফলে দূর্ঘটনার কবলে পড়তে হয় চালক অথবা যাত্রীদের। তিনিসহ সড়কে চলাচলকারী গাড়ির চালকরা দ্রুত সড়কের উপর এ ধরনের কর্মকান্ড বন্ধ করার জোর দাবী জানান।
আনন্দবাজার/এম.আর








