মাদারীপুরের চার উপজেলা ও একটি থানার বিভিন্ন গ্রামে বেড়েছে তালের শাঁসের কদর। তীব্র গরমে তালের শাঁসের বেচা-বিক্রি বেড়েছে। সদর উপজেলা, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় এবং নবগঠিত ডাসার থানার গ্রামীণ হাট-বাজারে জীবিকার তাগিদে ছুটে চলেছেন মানুষ। মাদারীপুর জেলার প্রত্যন্ত এলাকায় বেশ ক’দিন ধরে বিভিন্ন হাট বাজারে,পাড়া-মহল্লায় সুস্বাদু তালের শাঁস বিক্রি করছেন বিক্রেতারা। এটি জনপ্রিয় সব মানুষের কাছে। তালের শাঁসে রয়েছে গুণও। শুধু শাঁস নয়। রস, গুড়, পাকা তাল, পিঠা এসব অত্যন্ত মজাদার খাবার। মৌসুমী ফলের মধ্য তালের শাঁসেরও কদর বেড়েছে।
সরেজমিনে, মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরের বিভিন্ন অঞ্চলের বাজারসহ বিভিন্ন হাট-বাজার রাস্তাঘাট, ফুটপাতসহ নানান জায়গায় চোখে পড়ে সুস্বাদু তালের শাঁস। তালের শাঁস ফলটি ধারালো ‘দা’ দিয়ে কেটে শাঁস বের করে দিচ্ছে বিক্রেতারা।
শহরের পৌরসভার সামনে তালের শাঁস বিক্রেতা ছফেল শিকদার জানান, প্রতিটি তালে ৩ থেকে ৪টি শাঁস থাকে। এটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। গরমে শাঁসের কদর একটু ভিন্ন। এসব তালের শাঁস গ্রামাঞ্চল থেকে এনে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন তারা।









