মহামারি করোনা ভাইরাস সংক্রমণের এমন অবস্থায় পোশাক শ্রমিকদের ঈদে বাড়ি যাওয়াকে খুব ভয়াবহ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত রোজার ঈদের আগে এবং পরে সৃষ্টি হওয়া পরিস্থিতি এড়াতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আসন্ন কোরবানির ঈদে গ্রামের বাড়ি না যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। তবে এই খাতের লাখ লাখ শ্রমিক ছুটি পাওয়ার পর দল বেঁধে গ্রামের উদ্দেশে রওনা হলে তাদের ফেরানো কঠিন হবে বলে মনে করছে শিল্প পুলিশ।
তৈরি পোশাক খাতে কমপক্ষে ৪০ লাখ শ্রমিক কাজ করছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমঘন এ শিল্পের শ্রমিকরা যেন ঈদের তিনদিন ছুটি পেয়েই গ্রামের বাড়িমুখি না হয় সেজন্য পোশাক মালিকদেরও সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। সম্প্রতি গার্মেন্টস মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রীর এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) ফরহাদ হোসেন জানান, শ্রমিকরা যেন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি না যান সে বিষয়ে আমরা সচেতন আছি। তবে লাখ লাখ শ্রমিক ছুটি পেয়ে বাড়ির পথে রওনা দিলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ জানান, সরকারের নির্দেশনা আমরা মানবো। শ্রমিকদের প্রতি আমার আহ্বান তারাও যেন নির্দেশনা মেনে গ্রামের বাড়িতে না গিয়ে কর্মস্থল এলাকায় থেকে যান।
আনন্দবাজার/তা.তা









