স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মোহাম্মদ আলী নূর জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনায় চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান আছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই তথ্য জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বরখাস্ত করা চার কর্মচারীরর নাম।
গত ২৭শে অক্টোবর অফিস সময়ে ১৭টি নথি ফাইল কেবিনেটে রাখার পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটে নেই। তাতে ছিলো কয়েকটি মেডিকক্যাল কলেজ হাসপাতালের কেনাকাটার নথিসহ আরও কিছু প্রকল্পের ক্রয় সংক্রান্ত নথি তথ্য। নথি হারানোর বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে মন্ত্রণালয়। নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
এ ব্যাপারে তদন্ত করে সিআইডি ফরেনসিক বিভাগ এবং শাহবাগ থানা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় মন্ত্রণালয়ের কয়েকজন কর্মচারী ও একজন ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করেছিলো সিআইডি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২৯ নম্বর কক্ষের ৬ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১টার দিকে একটি মাইক্রোবাসে করে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন- আয়শা, জোসেফ, বাদল, বারী, ফয়সাল ও মিন্টু।
ওই শাখাটিতে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. জোসেফ সরদার ও আয়েশা সিদ্দিকা কাজ করেন। সংশ্লিষ্ট শাখার নথি রাখা হয় কক্ষের একটি ফাইল কেবিনেট ড্রয়ারে। কাজ শেষে বিকাল ৫টায় ফাইল কেবিনেট তালা দিয়ে অফিস ত্যাগ করেন জোসেফ সরদার ও আয়েশা সিদ্দিকা। এরপরে অতিরিক্ত সচিব (প্রশাসন), অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও সচিবের একান্ত সচিব ওই রুম পরিদর্শন করেন।
আনন্দবাজার/ টি এস পি









