গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আগুনে ৩৫টি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ৬টার দিকে হাজী বাড়ির দুলাল ডাক্তার ও সামানের বাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাসায় ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। টিন শেড ও ঘনবসতি হওয়াতে মুহূর্তেই আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অপরদিকে, কালিয়াকৈর উপজেলার আটাবহ চাতৈলভিটি সোহাগীরটেক এলাকায় পিয়ার আলীর বাড়িতে আগুন লেগে ৪ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
এখানে শনিবার সকাল ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় এলাকাবাসী কিছুটা আগুণ নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান। ফ্রিজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
বাড়ির মালিক পিয়ার আলী জানান, আমার ৪ টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির ভাড়াটিয়া সুলতান উদ্দিন বলেন, রুমে আমাদের নগদ ৫০ হাজার টাকা, ফ্রিজ, টিভি, খাট, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে আমার ৩ লক্ষ টাকার জিনিসপত্র পুরে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে যেয়ে দেখি এলাকাবাসী আগুণ নিয়ন্ত্রণে এনেছেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ভালো করে আগুন নেভান।









