নওগাঁর বহুল আলোচিত আদিবাসী নেতা ভূমিপুত্র আলফ্রেড সরেন এর ২২তম মৃত্যু বার্ষিকী আজ। ২২ বছর আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে আলফ্রেড সরেন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন। মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও এই হত্যাকান্ডের বিচার হয়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় এ মামলার বিচার কার্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে আদিবাসীদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। পরিবারের দাবি এখনও প্রতিনিয়ত দেওয়া হয় হুমকি-ধমকি। ফলে নিরাপত্তাহীনতায় কাটে প্রতিটি দিন।
এ পলক্ষে ২২ বছর ধরে এই দিনটিতে নানা ভাবে বিচারের দাবি তুলে ধরে আসছেন নেতা-কর্মীসহ আদিবাসী মানুষরা। এরই ধারাবাহিকতায় এবছরও সকালে আলফ্রেড সরেন এর সমাধিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলার চৌমাশিয়া মোড়ে এক মানববন্ধনসহ আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ এর আয়োজনে উক্ত সভায় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক গন্শে মাদি, জাতীয় যুব পরিষদের কেন্দ্রিয় সম্পাদক নরেন পাহান, জাতীয় ছাত্র পরিষদের কেন্দ্রিয় সভাপতি নকুল পাহান, এ্যাড. মহসিন রেজা, জয়নাল আবেদিন মকুল, আজাদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভাষা, সংস্কৃতি ও পৃথক ভ’মি কমিশন গঠনসহ আলফ্রেড সরেনএর হত্যার বিচার দ্রুত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী তুলে ধরেন।
উল্লেখ্য ২০০০ সালের ১৮ আগস্ট ভীমপুর আদিবাসী পল্লীতে ভূমিদস্যু হাতেম গাং নির্মমভাবে চাইনিজ কুড়াল, রামদা দিয়ে কুপিয়ে আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে নৃশংস ভাবে খুন করা হয়। ওই সময় সন্ত্রাসীরা ব্যাপক তান্ডব চালিয়ে আদিবাসী পল্লীর ১০টি পরিবারের ঘর-বাড়ি ভাংচুর লুটপাটসহ অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আদিবাসী মহিলা-শিশুসহ প্রায় ৩০ জন মারাত্মক আহত হয়। ঘটনার সময় আদীবাসীদের কয়েকজন শিশুকে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী পুকুরে নিক্ষেপও করেছিল।









