বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুরের সাংবাদিকরা। রোববার সকালে পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে শহরের টাউনক্লাব সড়কে এ মানববন্ধনে শহরের সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, জেলা প্রশাসক সুলতানা পারভিনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে আরিফুলের বাড়িতে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে স্ত্রী-সন্তানের সামনেই মারধর করে এবং তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। আমরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আরিফকে নিঃশর্ত মুক্তির দাবী জানাই।
মানববন্ধনে পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি খালিদ আবু এর সভাপতিত্বে এবং পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন সংবাদ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এ কে আজাদ, বাংলা ট্রিবিউনের পিরোজপুর জেলা প্রতিনিধি আরিফ মোস্তফা, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, প্রেসক্লাব সহ সভাপতি ওয়াহিদ হাসান বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুরের আহবায়ক হাসান মামুন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমাম হোসেন মাসুদ, বিডি নিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, সাপ্তাহিক বলেশ্বরের নির্বাহী সম্পাদক রেজওয়ান সাজন, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি ইমন চৌধুরী, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ফেরদৌস রহমান সহ সংবাবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে, মারধর করে আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে জেলা প্রশাসক। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের জেল দেওয়া হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম আর









