নভেল করোনাভাইরাসের প্রকোপে কাতারের দোহায় আটকে পড়েছিল ১৫৯ বাংলাদেশি। অবশেষে দেশে ফিরেছেন তারা। গত বৃহস্পতিবার সকাল সাতটার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, ফ্লাইটটিতে আসা সবাই দোহা থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন। তাই কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে। করোনাকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সের প্যারিসে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
কাতারে বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়েন এসব বাংলাদেশি। করোনার প্রকোপে ফ্লাইট বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরে ফিরতে পারছিলেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতার দূতাবাসের সহযোগিতায় অবশেষে বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে ফেরেন তারা।
আনন্দবাজার/টি এস পি









