পটুয়াখালীর কলাপাড়ায় গাছের চাপায় মো. তাহমিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তাহমিদ ওই গ্রামের মো.শাহজালাল ফকিরের ছেলে ।
ডালবুগঞ্জ ইউপি সদস্য আবদুর রহমান জানান, তাহমিদের চাচা মো. জসিম ফকির নিজেদের বাড়ির উঠানে গাছ কাটার সময় রশি থেকে গাছ ছুটে যায়। এসময় গাছের নিচ থেকে দৌঁড়ে যাওয়ার সময় শিশুটি চাঁপা পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, গাছচাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।









