রাজধানীর একটি রুটে আজ রবিবার থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করতে প্রথম পর্যায়ে এই বাস সার্ভিসটি চালু করা হচ্ছে।
এক রুটে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে বিভিন্ন কোম্পানির বাসের পরিবর্তে আজ কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’।
প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই রুটে আজ সবুজ রঙের ৫০টি বাস দিয়ে শুরু হচ্ছে গণপরিবহনের এ সেবাটি।
গতকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা হয়ে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ের রুট রেশনালাইজেশনের ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও দুই মাসের মধ্যে তা ১০০টিতে উন্নীত করা হবে। ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা ২০ পয়সা।
গত ১৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ২৬ ডিসেম্বর ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছু দিনের মধ্যে এই রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৫ সালে রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন। এরপরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহম্মাদ সাঈদ খোকন। সে সময় থেকেই তিনি এ বিষয়ক কমিটির ১১টি সভা করেছেন। এরপর এর দায়িত্ব পান নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।
আনন্দবাজার/ টি এস পি









