রাজধানী ঢাকাতে বইছে লাশের বন্যা। চলতি বছরের প্রথম চার মাসের তুলনায় মে মাসে এক-তৃতীয়াংশের বেশি লাশ দাফন হয়েছে রাজধানীতে। আর নারায়ণগঞ্জে এ সংখ্যা দ্বিগুণ। এ তথ্য জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশনের ৯টি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনাধীন ৩৩টি কবরস্থান ও তিনটি শ্মশান থেকে। কবরস্থানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য এমনটা হয়েছে।
ঢাকার দুই সিটির অধীন ৯টি কবরস্থানের হিসাব অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের গড় হিসাবের তুলনায় মে মাসে কবরস্থানে এক-তৃতীয়াংশের বেশি লাশ দাফন করা হয়েছে।
মে মাসে দুই হাজার ৪২২ জনের লাশ দাফন করা হয়েছে ৯টি কবরস্থানে। এপ্রিলে এ সংখ্যা ছিল একহাজার ৫২১ জন, মার্চে এক হাজার ৪৭৭ জন, ফেব্রুয়ারিতে এক হাজার ৪৬১ জন এবং জানুয়ারিতে দাফন করা হয় এক হাজার ৫২৪ জনকে।
এই চার মাসের গড় হিসাব থেকে জানা যায়, এর এক-তৃতীয়াংশের বেশি লাশ দাফন হয়েছে শুধু মে মাসেই। চলতি বছরের প্রথম চার মাসে দাফন হয়েছে ৫ হাজার ৯৮৩ জনের লাশ। আর প্রথম ৫ মাসে রাজধানীতে লাশ দাফন হয়েছে মোট ৮ হাজার ৪০৫ জনের।
জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশনের মালিকানাধীন ৯ কবরস্থানের মধ্যে সাতটি ঢাকা উত্তর এবং দুইটি ঢাকা দক্ষিণের। ঢাকা উত্তর সিটির কবরস্থানগুলোর মধ্যে খিলগাঁও তালতলা কবরস্থান এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশ দাফনের অনুমতি রয়েছে।
আনন্দবাজার/এস.কে









