নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই রবিউল ইসলাম গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকার দুলা মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম ও আহত রবিউল ইসলাম ওই বাড়ির নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির পর বাড়ির অন্য ছেলেদের সাথে বাড়িতে খেলছি দুই ভাই। বেলা ১১টার দিকে নিজেদের বসত ঘরের পাশের একটি সুপারি গাছের নিচে খেলা করার সময় দুই ভাই সুপারি গাছ বেয়ে ঘরের টিনের ওপর উঠার চেষ্টা করে। এসময় দুই ভাই টিনের ওপর উঠলে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রউিলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বসত ঘরে যাওয়া বিদ্যুৎতের তার থেকে তাদের ঘরের ওপরের টিন বিদ্যুতায়িত হয়েছিল। গাছ বেয়ে তারা টিনে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









