মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব বেজগাঁও একটি বেহাল রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি হচ্ছে। ওই এলাকার দেওয়ার বাড়ি থেকে বেজগাঁও পর্যন্ত প্রায় পৌণে ১ কিলোমিটার ইট সলিং রাস্তাটি দেড়যুগেও সংস্কার হয়নি। সংস্কারের অভাবে রাস্তাটি দিনদিন আরো নাজুক হয়ে পড়েছে। এলাকাবাসী বাধ্য হয়েই পায়ে হেটে বেহাল রাস্তা পাড়ি দিচ্ছেন। তবে পাটাভোগ ইউপি চেয়ারম্যান মুন খান রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু মহাসড়কের সংযোগ রাস্তাটির বেজগাঁও অটো স্ট্যাড থেকে পূর্ব বেজগাঁও গ্রামের দেওয়ান বাড়ি হয়ে ছনবাড়ি চৌরাস্তা সংলগ্ন মহাসড়কে সংযুক্ত হয়েছে। দেওয়ান বাড়ি থেকে বেজগাঁও পর্যন্ত ইট সলিং পুরো রাস্তার অনেকাংশে ইট উঠে বিলিন হয়ে গেছে। এতে রাস্তাজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তা খারাপের কারণে এ রাস্তায় কোন অটোরিক্সা আসছে না। বাধ্য হয়ে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগীসহ পথচারীদের পায়ে হেটে যাতায়াত করতে হচ্ছে। অপরদিকে বৃষ্টি হলেই ভাঙাচূরা রাস্তাটি মানুষের যাতায়াতে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।
পথচারী নাছিমা বেগম (৩৫) বলেন, রাস্তা খারাপের কারণে কোন রিক্সা চালক এদিকে আসতে চান না। বিভিন্ন প্রয়োজনে বেহাল রাস্তায় আমাদের যাতায়াত করতে হচ্ছে। হাবিবুর রহমান হাবিব (৪৫) বলেন, আমার জানামতে প্রায় ১৭/১৮ বছর ধরে এ রাস্তার সংস্কার কাজ হয়নি। এ রাস্তা ব্যবহার করেই এখানকার বসবাসকারীদের বিভিন্ন দিকে যাতায়াত করতে হয়। মুদি দোকানী আব্দুল কাদির বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তায় কোন কাজ না হওয়ায় ইট উঠে গেছে। রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ টুকু বেহাল রাস্তায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন দেশের বাহিরে অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, রাস্তাটি সংস্কারের জন্য আমি অনেক চেষ্টা করেছি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে বেহাল রাস্তা সংস্কার কাজের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে।









