রংপুর নগরীর অভিজাত এলাকায় অবৈধভাবে চালানো হিউম্যান কেয়ার নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এফসিপিএস ডাক্তারসহ ৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটান পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর ধাপ এলাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এমবিবিএস, এফসিপিএস ডাক্তার মোতালেব হোসেন রিপন, তার সহকর্মী হিউম্যান কেয়ার মালিক মোস্তফা কামাল, ব্যবস্থাপক তৌফিক ইসলাম রাফি ও ডাক্তারের পিএসকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুর রশীদ জানায়,তারা ডাক্তারের শিক্ষাগত সনদপত্র এবং ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশনের কাগজপত্র দেখাতে পারেনি। ওই ডাক্তাররা বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, দেশে যখন কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন ঠিক সেই মুহূর্তে একশ্রেণির অসাধু দালাল চক্র স্বাস্থ্যসেবাকে চরম হুমকির দিকে ফেলার চেষ্টা চালাচ্ছে।
আনন্দবাজার/এম.কে








