নতুন করে দেশের আরও চার জেলার সাতটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে সরকার। করোনাভাইরাস সংক্রমণ প্রবণ হওয়ায় নির্ধারিত ওই এলাকাসমূহে সাধারণ ছুটির আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের সাতটি ‘রেড জোনে’ ২৪ জুন থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত তিন দফায় ১৯ জেলার ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল। করোনাভাইরাসের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন রেড জোন ঘোষিত এলাকায় অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।
আদেশে আরও বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস









