রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদ সদস্য সবির কুমার চাকমাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা রাঙ্গামাটি জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে পরিষদ থেকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তারা বলেন, সরকার পরিষদকে ক্ষমতা এবং এখতিয়ার দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। তারা রাঙ্গামাটি জেলা সদরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলাসহ ভাষা ও সংস্কৃতি উন্নয়নে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি রক্ষার সঙ্গে তাদের অস্তিত্ব নির্ভর করে। এ সমস্ত বিষয়গুলো যদি না থাকে তাহলে তাদের পরিচয়ও থাকেনা। তাদের ভাষা, সংস্কৃতি সংরক্ষণ, চর্চা এবং বিকাশের জন্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথভাবে কাজ করতে পারে। সরকার মাতৃভাষায় শিক্ষাদানের জন্য ২০১৭ সাল থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। মাতৃভাষায় শিক্ষাদানের জন্য প্রশিক্ষিত শিক্ষক তৈরি হচ্ছে। আমরা সকলের সাথে কথা বলে মাতৃভাষায় শিক্ষাদানে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আগামী এপ্রিলের মধ্যে বৈসাবির আগে ৭টি সম্প্রদায়ের ৭টি ভাষা শিক্ষার অভিধান তৈরি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাচীন অলংকার, ঐতিহ্যবাহী পোশাক সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী নাচ-গান প্রশিক্ষণের জন্য প্রকল্প প্রস্তাব পরিষদে পেশ করার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীভিত্তিক সংগঠনগুলোর প্রতি আহ্বান রাখেন।
আনন্দবাজার/শহক









