কক্সবাজারের জিন্নাত আলী মারা যাবার পর কুষ্টিয়া দৌলতপুরের ৮ ফুট (৯৬ ইঞ্চি) উচ্চতার সুবেল আলী (২২) এখন দেশের জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ। তবে সে অসুস্থ। দরকার তার উন্নত চিকিৎসার। কিন্ত সে সামর্থ্য নেই সুবেলের পিতার। সুবেলের উন্নত চিকিৎসার জন্য তাঁর দরিদ্র কৃষক পিতা ইউনুছ আলী ও মাতা পান্না খাতুন চেয়েছেন রাষ্ট্রীয় সহায়তা।
সুবেল আলীর বয়স মাত্র ২২ বছর।আর এই বয়সেই তার উচ্চতা ৮ ফুট বলে জানিয়েছে তার পরিবার। তবে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ব্রেন টিউমার ছাড়াও তার সারা শরীর ফোলা। এ কারণে ঠিকমত চলাফেরা করতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলেন সবসময়। ঘরে ঢুকতে ও বেরুতেও তার সমস্যায় পড়তে হয়। তবে কৃষক বাবার আর্থিক সামর্থ না থাকায় ঠিকমত চিকিৎসা করতে পারেননি সুবোল। ছেলের উন্নত চিকিৎসায় সরকারকে সহায়তার অনুরোধ জানিয়েছেন সুবেলের বাবা ইউনুস আলী।
ইউনুস আলী জানান, ১৩ বছর পর্যন্ত সুবেলের উচ্চতা স্বাভাবিকভাবেই বাড়ছিল। এরপর ৯ বছরে সে অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। ২২ বছরে এখন তার উচ্চতা প্রায় ৮ ফুট। শারীরিক সমস্যার কারণে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি।
তিনি বলেন, নিজের ও স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। সুবেলরা দুই ভাই এক বোন। বোন সবার বড়। সে মেজ। অন্য ভাই বোনেরও কোন সমস্যা নেই। তারা স্বাভাবিক। সুবেল এতটাই লম্বা যে লাঠি ভর দিয়ে ছাড়া চলাফেরা করতে পারে না। ঘরে ঢুকতে ও বেরুতে তার নানা সমস্যায় পড়তে হয়।
আনন্দবাজার/এফআইবি








