জেলা সমাজসেবা কার্যালয় বান্দরবান এর উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন অনুদান এর চেক এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে পার্বত্য মন্ত্রীর বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক ও অনুদান বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা সমাজসেবা বিভাগের কনভেনিং কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য তিংতিংম্যা এর সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজি, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ক্যান্সার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ৩০ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকার চেক এবং গরীব-মেধাবী ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫শত করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন।









