পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কামাল হাওলাদার এর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতহকাল সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লাখ টাকা জরিমানা করেন। যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক। সাজাপ্রাপ্ত কামাল হাওলাদার (৪৫) জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের রশিদ হাওলাদারের পুত্র।
মামলা চলাকালিন এজাহার ভুক্ত এক আসামী মারা যান এবং অন্য চার আসামীর বিরুদ্ধে সঠিক তথ্য না থাকায় আদালত তাদের মামলা থেকে খালাস দেন। পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা জানান, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ^াসরোধে নিজের স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করে কামাল। এ ঘটনায় ওই দিন নিহতের মামা মো. ছগির শরীফ বাদী হয়ে কামালসহ তার ৬ স্বজনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমান ও দীর্ঘ শুনানী শেষে আদালত সোমবার কামাল হাওলাদারকে মৃত্যুদন্ডাদেশ দেয়।









