আসন্ন রমজান ও চলমান করোনাভাইরাসে প্রাদুর্ভাবের সময়ে চাল, ডাল, তেল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ নিশ্চিতে এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বাড়াতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর উত্তর ও দক্ষিণ বাড্ডা ভাটারা থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক আফরোজা রহমান, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা।
অভিযান চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় না করা, করোনাকে পুঁজি করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।
এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হাত ধোয়ার পরামর্শ এবং অযথা বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আসন্ন রমজান ও করোনার সংকটময় সময়ে যেসব ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে অধিক মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে অধিদফতরের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
আনন্দবাজার/তা.তা









