জ্বালানী তেলের উপর কমিশন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে খুলনায় ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে জ্বালানী তেল সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে খুলনার নতুন রাস্তা শ্রমিক ভবনের সামনে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির ডাকে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সমর্থনে খুলনায় এ কর্মবিরতি পালন করে ৪ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি এ কর্মসূচি পালন করে।
এসময় বক্তরা বলেন, জ্বালানী তেলের দাম বাড়লেও তেল পরিবহন ও উত্তোলনের সংশ্লিষ্টদের কমিশন বৃদ্ধি করা হয়নি। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) একাধিকবার চিঠি ও অভিযোগ জানিয়ে নামমাত্র কমিশন বৃদ্ধি সিদ্ধান্ত নেয়া হয় যা মালিক ও শ্রমিকদের কোনো কাজে আসবে না।
৬ দফা দাবির মধ্যে রয়েছে জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট যা গেজেট আকারে প্রকাশ, ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান চালু, ট্রেড ও বিস্ফোরক লাইসেন্স ব্যতীত অন্যকোন দপ্তর কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ফিলিং স্টেশনের প্রবেশদ্বারে ভূমির জন্য ইজারা গ্রহণ প্রথা বাতিল, প্রধানমন্ত্রী ঘোষিত সকল তেল ডিপোতে ট্যাংকলরী শ্রমিকদের বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসাসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন।









