এখনও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। ৩০ দিন পূর্ণ হবে জিলকদ মাস। সে হিসেব অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবং আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে কুরবানি। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এক সপ্তাহ আগে অর্থাৎ ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আল-আরাবিয়া ডটনেট সূত্রে জানা গেছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারীদের প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রাখা রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটি বসবাসকারী সব দেশের নাগরিকদের সীমিত আকারে এবারের হজে অংশগ্রহণের অনুমতি দেবে।
প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশগ্রহণ করতো। তবে প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে মাত্র ১০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের হজ।
আগামী ৩০ জুলাই হজ সম্পন্নের প্রস্তুতিতে আগামী ২৯ জুলাই ইহরাম বেধে জোহরের ওয়াক্তের আগেই মিনায় পৌঁছতে হবে হাজিদের। তার আগে সব হাজিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। সে পরিকল্পনা বাস্তবায়নে গত ১৯ জুলাই থেকে আইসোলেশনের মাধ্যমে হজের কার্যক্রম শুরু হয়েছে।
আনন্দবাজার/তা.তা









