আগামী সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করা হবে এবং ৩০ জুলাইয়ের মধ্যে চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে। তবে বাকি অর্ধেক বেতন যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করা হবে।
আগামী ২৫ জুলাইয়ের মধ্যেই তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী পরিশোধ করতে হবে বলে আজ সোমবার সরকার, মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর বিজয়নগরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী বেগন মুন্নু জান সুফিয়ান এবং মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। এছড়াও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
আগের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাকহ সব শিল্প খাতে বোনাস পরিশোধের কথা ছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট এবারের কোরবানির ঈদ উদযাপন হতে পারে।
আনন্দবাজার/এম.কে









