নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সন্ধ্যায় ফুসফুস ইনফেকশনে আক্রান্ত হওয়ায় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ২০মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্ত্রী সুলতানা পারভীন বিউটি।
ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি জানান, ৬ জুলাই অসুস্থতা নিয়ে তিনি প্রথম এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার করোনা ধরা পড়ে। এখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি চলে যান। পরে পরীক্ষা করে করোনা নেগেটিভ আসে। এ অবস্থায় গত ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাত ১১টার দিকে তার প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিলে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। তিনি হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।
শ্রমিক নেতা ইসরাফিল আলম নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে টানা তিনবার আওয়ামী লীগের এমপি হিসেবে নেতৃত্ব প্রদান করছেন। এই ক্ষনজন্মা ব্যক্তির জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে ১৯৬৭ সালে মরহুম আজিজুর রহমানের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/নাজমুল হক









