একটি টেলিভিশনের টকশোতে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ বলেছিলেন ‘দুর্নীতিতে জড়ানো কাউকেই ছাড় দেয়া হবে না’।
আজ সেই সাহেদ দায়ে গ্রেফতার হলেন। দুর্নীতির দায়ে ছাড় পেলেন না তিনিও । করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাহেদ ওই টকশোতে বলছিলেন, ‘এই যে আমি ঢাকায় ত্রিশ বছর ধরে আছি। আমি কোনোদিন ক্যাসিনোর কথা শুনি নাই। অথচ দেখেন এই শহরে কত ক্যাসিনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সরকার অপরাধীকে ছাড় দেবে না বলে নিজের দলের ভেতর থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। এই জিকে শামীমের কথাই ধরুন, সে কি ছাড় পেয়েছে?
টেলিভিশনের ওই টকশোতে দেয়া সাহেদের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই তার ভিডিওটি নিজেদের ফেসবুকে শেয়ার করেছেন। তাতে বইছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, ‘আসলে যত বড় চোর, তত বড় চাপা। ভাবা যায়?’ ‘ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া লোকটার মুখ দিয়ে কতো বড় বড় কথা বেরোচ্ছে!’ ‘এই একজনের হয়তো মুখোশ খসে পড়েছে, অথচ এমন মুখোশধারী চারপাশে!’
আনন্দবাজার/রনি









