সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি যাতে সরে যেতে পারে এজন্য কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে। প্রয়োজন হলে আরো রাস্তা কাটা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে বলে জানিয়েছেন মেয়র, এতে পানি সহজে নেমে যাচ্ছে। বাংলাদেশের কোথাও প্রয়োজন হলে আরো রাস্তা কেটে ফেলা হবে।
গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে এক সভার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসন নিয়ে এ সভা হয়। তাজুল ইসলাম বলেন, আমরা কখনো কখনো দুর্যোগ মোকাবিলা করি। এবারও আমাদের কিছু কিছু অঞ্চল জলাবদ্ধ হয়েছে এবং প্লাবিত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন।
বন্যায় ঢাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে, আপনাদের প্রস্তুতি কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একশ অথবা ১১০ বছরে হয়ত এমন দুর্যোগ আসে। এ অঞ্চলের মানুষ বিভিন্ন সময় এমন দুর্যোগ মোকাবিলা করেছে। দুর্যোগের জন্য সবসময় আমাদের প্রস্তুতি থাকে। আমাদের মন্ত্রণালয় থেকে বন্যা মোকাবিলায় যুগ্মসচিব জসিম উদ্দিনকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। কমিটি আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পরে প্রয়োজনে পরিবর্তন করা হবে।









