সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, পানিতে ভেসে আসছে হাজার হাজার লাউ। আর সেগুলো সংগ্রহ করছে কিশোর-কিশোরীরা।
জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি বান্দরবানের চাপাছড়ি নামক জায়গার। বাগান থেকে লাউ সংগ্রহ করে সেগুলো পানিতে ভাসিয়ে দেয়া হয়। এরপর দুই কিলোমিটার দূরে স্রোতের দিকে বাজারের কাছাকাছি জায়গায় আসলে লাউগুলো সংগ্রহ করা হয়। পরিবহন খরচ বাঁচাতে এ পন্থা অবলম্বন করছেন সেখানকার লাউচাষীরা।
অনুভ্রমণ নামের একটি ট্রাভেল ব্লগে ছবিগুলো আপলোড দিয়ে লিখেছে, বাংলাদেশ যে গল্পের নেই শেষ। বান্দরবানের চাপাছড়িতে ২ কিলোমিটার দূরের খামার থেকে পাশের খালে ভাসিয়ে দেয়া হয়েছে হাজার হাজার লাউ। সেগুলো বাজারের কাছেই নদীতে পড়ার ঠিক আগেই সংগ্রহ করছে খামারের লোকেরা!
সত্যিই এমন ছবি আমাদের মন ভালো করে দেয়। মনের অজান্তেই বলে উঠি, কবি জীবনানন্দ দাসের কবিতা, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ / খুঁজিতে যাই না আর।’
আনন্দবাজার/এম.কে









