ঢাকা ও চট্টগ্রামের পর এবার বন্দরনগরী খুলনায় পাঁচতারকা হোটেল নির্মাণ করবে বিশ্বের অন্যতম শীর্ষ হোটেল ব্যবসা প্রতিষ্ঠান রেডিসন গ্রুপ। এছাড়াও পর্যটন নগরী কক্সবাজারেও প্রতিষ্ঠানটির একটি পাঁচতারকা হোটেলের নির্মাণ কাজ চলছে।
প্রতিষ্ঠানটির নতুন ফ্রাঞ্চাইজিটি নির্মাণ হবে খুলনার শহরের প্রাণকেন্দ্র থেকে আড়াই কিলোমিটার দূরে দুই একর জায়গার ওপর। এটি পরিচালিত হবে রেডিসন হোটেল গ্রুপ ও বাংলাদেশের গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের হোটেল ম্যানেজমেন্টের আওতায়।
পাঁচতারকা এই হোটেলটি ২০২৩ সালে আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। হোটেলটিতে থাকবে মানসম্মত ১৫০টি কক্ষ এবং স্যুইট, একাধিক খাবার ও পানীয় আউটলেট, রেস্তোরাঁ, কফি শপ, সেমিনার করার অত্যাধুনিক হল রুমসহ একটি সুইমিং পুল।
চুক্তিস্বাক্ষরের পর রেডিসন হোটেল গ্রুপের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ইমেরিটাস ও মুখ্য উপদেষ্টা কেবি কাচরু সাংবাদিকদের জানান, বাংলাদেশের দ্বিতীয় পর্যটন নগরী খুলনায় আমাদের চতুর্থ প্রপার্টির কাজ শুরুর প্রক্রিয়া সম্পন্ন করে আমরা অত্যন্ত খুশি। এটি হবে আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি, কেননা আমরা খুলনায় করপোরেট অতিথি ও ভ্রমণপিপাসুদের জন্য আন্তর্জাতিক মানের উন্নত পাঁচতারকা হোটেল স্থাপন করতে যাচ্ছি।
আনন্দবাজার/তাঅ









