জয়পুরহাটের কালাইয়ে ১৪ বস্তা ত্রানের চাল উদ্ধার করেছে পুলিশ। একইসাথে আটক করা হয়েছে রানা নামের এক যুবককে। রানা মাত্রাই গুচ্ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত একটায় উপজেলার মাত্রাই গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।
মাত্রাই গুচ্ছ গ্রামের রানার বাড়িতে সরকারি চাল মজুদ করা রয়েছে বলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। শুক্রবার দিবাগত রাত একটায় পরির্দশক তদন্ত আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশ রানার ঘর থেকে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১৪ বস্তা চাল জব্দ করে। এসময় রানাকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।
রানা পুলিশকে জানিয়েছে, জব্দকৃত চালগুলো ত্রাণের ছিল। এনামুল হক নামে একব্যক্তি চালগুলো তাঁর বাড়িতে এনে রেখে গেছেন। এনামুল হক সরকারি চাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছেন।
কালাই থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মালেক বলেন, আটক রানার বাড়ি থেকে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রতিটি প্লাস্টিকের বস্তা ৩০ থেকে ৪০ কেজি করে চাল রয়েছে। এনামুল হক নামে এক ব্যক্তি ত্রাণের চালগুলো রানার বাড়িতে এনে রেখে গেছেন বলে রানা জানিয়েছেন।
আনন্দবাজার/এফআইবি









