গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৮ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৬ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪১৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ১৮৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।
আনন্দবাজার/ডব্লিউ এস









